বগুড়ায় দুর্বৃত্তের আঘাতে আহত আইনজীবীর মৃত্যু

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে আহত শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী চান (৪০) মারা গেছেন।

শনিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

গত ১ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শহরের কলোনি চকফরিদ মাটির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে চাঁনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ভাই মোজাহার হোসেন।

আব্দুল বারী চাঁন কলোনি চকফরিদ এলাকার মৃত তবেজ উদ্দিনের ছেলে। নিহত চাঁন বগুড়া জজকোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই মোজাহার জানান, গত ১ নভেম্বর সকাল ৯টায় বাসা থেকে জজকোর্টের উদ্দেশ্যে রওনা করেন চাঁন। পথে দুর্বৃত্তরা কুড়াল দিয়ে কুপিয়ে তাকে ফেলে রেখে যায়।

আহত অবস্থায় তাকে মেডিকেল নিয়ে আসা হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর বাবু কুমার সাহা জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।