কঠিন অসুখে আক্রান্ত বলিউড অভিনেতা বরুণ

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান তার আসন্ন ছবি ‘ভেড়িয়া-র প্রচারে ব্যস্ত। ছবির প্রচার করতে এসে একটি অনুষ্ঠানে নিজের কঠিন অসুখের কথা জানালেন অভিনেতা।

তিনি ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’-এর সঙ্গে লড়াই করছেন। এই রোগের জন্য তার দেহের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।

বরুণ বলেছেন, এই জটিলতার জন্য তাকে কাজ থেকে বিরতি নেওয়ার জন্য বাধ্য করা হয়।

ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হলে কেন্দ্রীয় ভেস্টিবুলার সিস্টেমের কার্যকারিতা আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ভেস্টিবুলার হাইপোফাংশন আঘাতজনিত, সংক্রমণজনিত, জেনেটিক এবং স্নায়ুজনিত কারণে হতে পারে।

ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হলে কান ও মস্তিষ্কের ভারসাম্য রক্ষাকারী অঙ্গগুলো ঠিকমতো কাজ করে না। মস্তিষ্কের একপাশে এই রোগ হতে পারে আবার উভয় দিকেও এই রোগ হতে পারে।

দৈনন্দিন জীবন-যাপনের উপর এই রোগের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়ে। কানের অভ্যন্তরীণ অংশটি সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হলে মস্তিষ্কে বার্তা পৌঁছায় না।

এক সাক্ষাৎকারে বরুণ জানান যে ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’ ধরা পড়ার পর তিনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন। তবে জীবনে অনেকটা পথ চলতে হবে ভেবে তিনি মনকে শক্ত করেন।

তিনি বলেন, ‘সম্প্রতি আমি জানতে পারি, আমি ভেস্টিবুলার হাইপোফাংশন নামক রোগে আক্রান্ত। এই রোগে মূলত শরীরের ভরসাম্য নষ্ট হয়ে যায়। খবরটা শুনে আমি বেশ ধাক্কা পেয়েছিলাম। তবে আমি নিজেকে বুঝিয়েছিলাম, যে করেই হোক, সেই মানসিক পরিস্থিতি থেকে আমায় বেরিয়ে আসতে হবে। জীবনে প্রতি পদক্ষেপে আমরা শুধু দৌড়ে যাচ্ছি, কেউ জানি না কেন।

আমি মনে করি, সবার জীবনে একটা বৃহত্তর উদ্দেশ্য থাকা উচিত। আমি আমার জীবনের উদ্দেশ্যটা খুঁজে চলেছি। আশা করছি, অন্যরাও তাদের উদ্দেশ্য খুঁজে পাবে।’