সেমিফাইনালে যেতে ইংল্যান্ডের লক্ষ্য ১৪২

বেন স্টোকসের করা ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকালেন পাথুম নিশাঙ্কা। ঝড়ের ওই পূর্বাভাসটা সত্যি করলেন পরে। তাতে বড় স্কোরের স্বপ্নই দেখছিল শ্রীলঙ্কা। তবে ইংলিশ বোলাররা ফিরে আসল ম্যাচে। তাই তো বাঁচা মরার লড়াইয়ে লক্ষ্যটা থাকল তাদের নাগালেই।

সিডনিতে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এর শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪১ রান করতে পেরেছে লঙ্কানরা। অর্থাৎ ম্যাচ জিততে ১৪২ রান করতে হবে ইংলিশদের।

এই ম্যাচ জিতলে সেমিফাইনালে পা রাখবে ইংল্যান্ড। তবে হেরে গেলে ছিটকে যেতে হবে।

ঝোড়ো ফিফটি তুলে নেওয়া নিশাঙ্কা ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন। দুটি চারের সঙ্গে হাঁকিয়েছেন পাঁচটি ছক্কা। এছাড়া ভানুকা রাজাপক্ষে ২২ বলে ২২ ও কুশল মেন্ডিস ১৪ বলে ১৮ রান করেছেন।

ইংল্যান্ডের পক্ষে মার্ক উড সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন।