বয়স মোটে ৫৭। নির্মেদ শরীর, সুঠাম পেশি- এই রূপেই চার বছর পর দেড় মিনিটের জন্য সামনে এসেছেন শাহরুখ খান। অভিনেতার জন্মদিনেই 'পাঠান' ছবির টিজার প্রকাশ্যে এলো। তার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা। এই ছবিতে নির্মেদ শরীর যেমন চোখ টেনেছে দর্শকের, তেমনই তার কেশবিন্যাস নিয়ে কম কথা হচ্ছে না। এই প্রথমবার নিজের সহ-অভিনেত্রীর সঙ্গে যে কাজটি করলেন, আগে কখনো করেননি শাহরুখ। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
'পাঠান'-এর সেটে জোরকদমে চলেছে শাহরুখ-দীপিকার চুল নিয়ে চর্চা। কারণ এই ছবির জন্য বেশ বড় চুল রাখতে হয় শাহরুখকে। অভিনেতা সম্প্রতি বলেন, 'পাঠান'-এর সেটে কেশসজ্জা শিল্পীর সঙ্গে মাঝে মধ্যে নিজের লুক নিয়ে আলোচনায় বসতে হয়েছে। কারণ আমার ও দীপিকার দুজনের সমান চুল ছিল। তবে এখন আমি কেটে নিয়েছি। যদিও বেশ মিস করছি পাঠান লুকটা। কিন্তু শাহরুখ কথা দিয়েছেন, যদি দর্শকের এই প্রথম পর্বটা পছন্দ হয়, তা হলে এই ছবির দ্বিতীয় ভাগে ফের এই লুকেই ফিরে আসবেন।
ছবিতে শাহরুখ দীপিকা ছাড়াও রয়েছেন জন আব্রাহাম। বিদেশি স্পাই থ্রিলারের আদলে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। নায়ক শাহরুখ, খলনায়ক জন। স্বাভাবিক ভাবেই এই ত্রয়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক।
আগামী বছরর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে 'পাঠান'। জুন মাসে মু্ক্তি পাবে 'জওয়ান'। তার পর বছর শেষে আসবে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'। শেষবার শাহরুখকে দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। তবে সেই ছবির একেবারে ভরাডুবি হয় বক্স অফিসে। তার পর দুবছর কেটেছে অতিমারিতে। এবার প্রায় চার বছর পর 'পাঠান'-এর হাত ধরে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন শাহরুখ। সকলের নজর রয়েছে এই অ্যাকশন থ্রিলারের দিকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া