বিএনপির সমাবেশ শেষ: লঞ্চ-স্পিডবোট-থ্রি হুইলার চলাচল শুরু, বাস ছাড়বে রবিবার

বিএনপির গণসমাবেশ শেষ হওয়ার পরপরই বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। যাত্রী পরিবহন করছে থ্রি-হুইলার ও স্পিডবোট। রবিবার (৬ নভেম্বর) সকাল থেকে চলাচল শুরু করবে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার বাস। এতে করে টানা দুই দিনের অবরুদ্ধ অবস্থা থেকে নগরী পুরানো রূপে ফিরেছে।

বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, বরিশাল নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে আজ সুন্দরবন-১১, পিএস আওলাদ ও পারবত-১৮ লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে যাবে। শুক্রবার থেকে তারা অজানা কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখলেও আজকে যাত্রী নিচ্ছে।

বরিশাল-ভোলা স্পিডবোড রুটের লাইন সুপারভাইজার তারেক শাহ বলেন, চারটার পরে ভোলা থেকে স্পিডবোড চলাচল স্বাভাবিক হয়েছে। বরিশাল থেকে ভোলা রুটে উপচে পড়া যাত্রীদের ভিড়।

অপরদিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে রাতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাবে না বলে জানিয়েছে বাস মালিক সমিতির সভাপতি গোলাম মাশরেক বাবলু।

তিনি বলেন, আমাদের অল্টিমেটাম ছিল রবিবার সকাল ৬টা পর্যন্ত। এর আগে বাস চলাচল সম্ভব নয়।

অপরদিকে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাউছার হোসেন শিপন জানান, আমরা এ বিষয়ে রাতে বৈঠক করব। রবিবার সকাল ৬টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার আল্টিমেটাম দেওয়া আছে। সেটা বাড়ানো হবে কি না ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও নগর জুড়ে মাহিন্দ্রা-টেম্পু-সিএনজিসহ যান্ত্রিক থ্রি-হুইলার যানবাহনগুলো সন্ধ্যার পর থেকেই আগের নিয়মে চলাচল শুরু করেছে।

প্রসঙ্গত, বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে বিভিন্ন শ্রমিক এবং মালিক সংগঠনের অবরোধ কর্মসূচি পালিত হয়ে আসছিল। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে বরিশাল নগরী।