কুষ্টিয়ার কুমারখালীর মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি) নিয়ে দু-গ্রুপের বিরোধে বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে চাঁদপুর ইউনিয়নের মিরপুর গ্রামে বিদ্যালয়ের বর্তমান সভাপতি মশিউর রহমানের ভগ্নিপতি জাহাঙ্গীরের বাড়িতে এ ভাঙচুর করা হয়।
ভাঙচুর ও হামলায় আহত জাহাঙ্গীরের স্ত্রী মেহেরুন এবং তার ভাইয়ের ছেলে শাকিলকে ভর্তি করা হয়েছে কুষ্টিয়া সদর হাসপাতালে। এ ঘটনায় শনিবার রাতেই কুমারখালী থানায় ৩৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না আফরোজ জানান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান তুষারের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর দুই ছেলে সালাম ও বাশার গং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের পর থেকে ওই কমিটি বিলুপ্তির জন্য বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করে আসছে। তিনি বলেন, তারা হামলা চালিয়ে ল্যাপটপ ভাঙচুর ও ব্যাগে থাকা প্রয়োজনীয় কাগজ ধ্বংস করে। আমার ননদ মেহেরুন ও ভাইয়ের ছেলে শাকিলকে কোপায় এবং ভাঙচুর করে বাড়িঘর।
তবে, চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার জানান, মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বামী মশিউর রহমানকে সভাপতি ও তার বিভিন্ন আত্মীয়কে দিয়ে পকেট কমিটি করা হয়েছে। যে কারণে এলাকাবাসী একত্র হয়ে হামলা চালায়। কুমারখালী থানার ওসি মহসিন হোসাইন জানান, পুলিশ আসামিদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।