চোটে পড়া মেসির অভাব বুঝতে দিলেন না নেইমার

গোড়ালির চোটে পড়ায় স্কোয়াডে ছিলেন না দলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অবশ্য তার অভাবটা টের পেতে দিলেন না নেইমার। একটি গোল করলেন। আরেকটি করালেন। তাতেই লোরিওঁর বিপক্ষে স্বস্তির জয় মিলেছে পিএসজির।

রবিবার লোরিওঁর মাঠ স্তাদে ইয়াভেস অ্যালাইনমেন্তে লিগ ওয়ানের ম্যাচে পিএসজির জয়টা ২-১ গোলে। ম্যাচের নবম মিনিটে নেইমারের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে (৫৩ মিনিট) টেরেম মোফির গোলে সমতা আনে লোরিওঁ। তবে শেষ দিকে নেইমারের করা কর্নার থেকে হেডে জয়সূচক গোলটি করেন দানিলো পেরেইরা।

ম্যাচের সপ্তম মিনিটে প্রথম আক্রমণ থেকেই গোল পেতে পারত পিএসজি। কিন্তু নুনো মেন্দেসের পাস ধরে বক্সের ভেতর থেকে নেইমারের শট কোনোমতে পা বাড়িয়ে আটকান লোরিওঁ গোলরক্ষক ইভোন ভোগো। একটু পর ভোগো আহত হয়ে মাঠ ছাড়লে নামেন আরেক গোলরক্ষক ভিতো। ২৮ মিনিটে এমবাপের ক্রসে সার্জিও রামোসের হেড ফেরান ভিতো। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরে লোরিওঁ। তবে শেষ পর্যন্ত জয়টা পায় পিএসজিই। এই জয়ে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্টে শীর্ষেই রইল পিএসজি।

এ ম্যাচে না খেললেও মেসির চোট গুরুতর নয়। ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লিও মেসির অ্যাকিলিস টেন্ডনের চিকিৎসা চলবে। আগামী সপ্তাহে তিনি আবার দলীয় অনুশীলন শুরু করবেন।’

একই দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে চেলসিকে। ম্যাচের ৬৩ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল। এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষেই রইল মিকেল আর্তেতার দল। শনিবার ফুলহামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। তবে গতকালের পর ফের নিজেদের শীর্ষস্থান ফিরে পেল আর্সেনাল। ১৩ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৩৪, সিটির ৩২।

ম্যাচের দশম মিনিটে প্রথম সুযোগ পায় আর্সেনাল। কিন্তু বেন হোয়াইটের কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে যায়। ২৯ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুসের হেড পোস্টে ঘেঁষে বাইরে যায়। ৬২ মিনিটে গোলমুখে শট নেন জেসুস। বল গোলরক্ষকের গায়ে লেগে চলে যায় বাইলাইন পেরিয়ে। ওই কর্নার থেকেই এগিয়ে যায় আর্সেনাল। বাকি সময়ে চেলসি গোল শোধের চেষ্টা করেও পারেনি।

আগের ম্যাচেই ব্রাইটনের কাছে চেলসি হেরেছিল ৪-১ গোলে। আর্সেনালের বিপক্ষে পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে মাত্র পাঁচটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে চেলসি। এই নিয়ে আসরে চতুর্থবার হারল ব্লুজরা। ১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে চেলসি।

প্রিমিয়ার লিগে আগের ম্যাচেই জয়ে ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আবারও পথ হারিয়েছে এরিক টেন হাগের দল। অ্যাস্টন ভিলা ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউকে। অ্যাস্টন ভিলার কোচ হিসেবে উনাই এমেরির পথচলা শুরু হলো দারুণ জয়ে।

নিজেদের মাঠে সপ্তম মিনিটে লেয়ন বেইলির গোলে এগিয়ে যায় ভিলা। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ডিঙ্গে। প্রথমার্ধের শেষে ভিলার জ্যাকব র‌্যামসি আত্মঘাতী গোল করেন। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে রেড ডেভিলরা। কিন্তু ৪৯ মিনিটে রামসি করেন ভিলার তৃতীয় গোলটি। 

এদিন পুরো ম্যাচেই মাঠে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রোনালদো তেমন কিছু করতে পারেননি। ৫২ মিনিটে রোনালদোর শট পোস্টের বেশ বাইরে দিয়ে যায়। তার আগে ৩৪ মিনিটে রোনালদোর একটি হেড ঠেকিয়ে দেন ভিলার গোলরক্ষক। এই হারের পরও ১৩ ম্যাচে ২৩ পয়েন্টে পাঁচে ম্যানইউ।

নিউক্যাসল ৪-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ১৪ ম্যাচে ২৭ পয়েন্টে তিনে নিউক্যাসল। এদিকে লা লিগায় আতলেতিকো মাদ্রিদ ও এস্পানিওলের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ইউরোপা লিগে নিজেদের গ্রুপে চারে থাকা আতলেতিকোর লা লিগায় এটি তৃতীয় হার।