ক’দিন আগে দুবাই থেকে এশিয়া কাপ জিতে বীরের বেশে দেশে ফিরেছিল শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কা এবার বিশ্বকাপ থেকে ফিরছে খালি হাতে। সঙ্গে লজ্জার আরেক তিলক লেগেছে তাদের কপালে। যৌন নিপীড়নের অভিযোগে তাদের দানুষ্কা গুনাতিলকাকে গ্রেপ্তার করেছে সিডনি পুলিশ।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ানের খবর অনুযায়ী, বিশ্বকাপ খেলতে এসে ২৯ বছর বয়সী এক নারীর সঙ্গে পরিচয় হয় গুনাতিলকার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় দুজনের। গত বুধবার সন্ধ্যায় সেই নারীর আমন্ত্রণে রোজ বে’তে এক বাড়িতে যান গুনাতিলকা। মদ্যপানের পর একসময় সেই নারীর ওপর হামলে পড়েন তিনি। পরে সেই নারী সিডনি থানায় যৌন নিপীড়নের অভিযোগ করলে হোটেল থেকে গতকাল গ্রেপ্তার করা হয় গুনাতিলকাকে। আজ তাকে আদালতে তোলা হবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, আদালতের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে পরামর্শ করে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হবে। বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছিলেন গুনাতিলকা।