শ্রীরাম-ডোনাল্ডের চুক্তির মেয়াদ শেষ

খুব অল্প সময়ের জন্যই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রীধরণ শ্রীরাম। সেপ্টেম্বরের শেষদিকে আরব আমিরাত সফর দিয়ে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার দায়িত্বকাল। গতকাল পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শেষ হওয়ায় শ্রীরামের সঙ্গে চুক্তিটাও শেষ হলো বিসিবির। একইসঙ্গে আর একজনের বিদায়ঘণ্টাও বেজেছে। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। তার সঙ্গেও চুক্তিটা বিশ্বকাপ পর্যন্তই। প্রশ্ন হচ্ছে তাদের চুক্তির মেয়াদ বাড়বে কি?

বাংলাদেশের টি-টোয়েন্টি ভাবমূর্তি রক্ষা করতেই শ্রীরামের শরণাপন্ন হয় বিসিবি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী এই কোচের সঙ্গে নিজেদের দর্শন মেলানোর চেষ্টায়। শ্রীরাম এসে বাংলাদেশের টি-টোয়েন্টি ভাবনায় আমূল বদল আনতে পারেননি বটে তবে একটা পরিবর্তন অবশ্যই এনেছেন। তাই দলের ভেতর শ্রীরামকে নিয়ে ইতিবাচক ভাবনা আছে। অধিনায়ক সাকিব আল হাসানও চাইছেন এই ভারতীয়র সঙ্গে চুক্তিটা বাড়–ক। একই ভাবে তাসকিন-হাসান মাহমুদদের উন্নতির ধারা অব্যাহত থাকায় ডোনাল্ডকে ব্যর্থ বলা যাবে না। বরং পেসারদের কাছ থেকে নিয়মিতই পেস বোলিংয়ের বিভিন্ন দিকের আলোচনায় ডোনাল্ডের সহযোগিতার কথা থাকায় এই দক্ষিণ আফ্রিকানও আছেন সবুজ জোনে। তাই এ দুই কোচের সঙ্গে বিসিবির নতুন চুক্তি হলে অবাক হওয়ার কিছু থাকবে না।