বিএনপি শুধু সমালোচনা করতে জানে, দেশের মানুষকে উন্নয়নের দৃশ্যমান কোনো কাজ দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি লন্ডনের ফরমায়েশে চলছে। তারা সারা দেশে সমাবেশ করছে। শেখ হাসিনা সরকার কতটা উদার তাদের কোনো বাধা দিচ্ছে না। আওয়ামী লীগ কোথাও তাদের বাধা দিচ্ছে না।
গতকাল রবিবার সকালে বিআরটি প্রকল্পের টঙ্গী ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেন উদ্বোধন শেষ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে আছেন। সেখান থেকে তিনি দলের কর্মকান্ডে নেতৃত্ব দেন। তার প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের লন্ডনের ফরমায়েশে বিএনপি চলছে বলে মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি যেহেতু ‘অগ্নিসন্ত্রাস’ করে, তাই পরিবহন মালিক সমিতি ভয় পায়। বিএনপির আন্দোলন শুনলেই বাস মালিক বা পরিবহন মালিকরা বাস বন্ধ করে দেন। এটাতে সরকারের কোনো হাত নেই। তিনি বলেন, ‘তারা বলেছে (বিএনপি), আমরা নাকি দুর্ভিক্ষ এনেছি, এটা শুনে মনে হলো শতাব্দীর সেরা জোকস।’
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন, নির্বাচনেই সিদ্ধান্ত হবে, জনগণ রায় দেবে কারা ক্ষমতায় আসবে। আন্দোলন, আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব রাজপথে। কিন্তু পরিবর্তনের ব্যবস্থা, সরকার পরিবর্তনের পালাবদলে একমাত্র নির্বাচনই হচ্ছে সঠিক ব্যবস্থা। নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন হতে পারে, অন্য কোনো উপায়ে নয়।’
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।