প্রশ্নপত্র মুদ্রণজনিত ত্রুটির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র নতুন ও পুরনো সিলেবাসের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক ঘণ্টা পরীক্ষা চলার পর এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি বিএমটি একাদশ শ্রেণির বিকেলের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
কারিগরি বোর্ড সূত্র জানায়, নতুন সিলেবাসেই বেশিসংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কিন্তু তাদের প্রশ্নপত্রে পুরনো সিলেবাসের প্রশ্ন ছাপা হয়েছে। যেহেতু প্রশ্ন ছাপার পর আর দেখার সুযোগ নেই। তাই পরীক্ষা শুরুর পর এ ত্রুটি ধরা পড়ে। এরপর সঙ্গে সঙ্গে পরীক্ষা স্থগিত করা হয়।