ওয়ার্ন থেকে গেইল, যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল যাদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে টিম হোটেল থেকে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। তার বিরুদ্ধে অভিযোগ এক নারীকে যৌন হেনস্তার। ক্রিকেটকে ‘জেন্টেলম্যান গেম’ বলা হলেও ক্রিকেটারদের এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়া এটাই প্রথম নয়।

নারীদের সঙ্গে কুরুচিকর ব্যবহার, যৌন কেলেঙ্কারির মতো ঘটনায় অতীতেও জড়িয়েছেন বহু বিশ্ব নন্দিত ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখ যোগ্য কিছু নামের কথাই তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে-

শেন ওয়ার্ন

মাত্র ৫৩ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। বাইশ গজের বাইরে যার জীবন ছিল বিতর্কে ভরপুর। ২০০০ সালে এক ব্রিটিশ নার্সকে অশ্লীল মেসেজ পাঠিয়ে ধরা পড়ে যান। খুইয়েছিলেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়কের পদ। এরপর ২০০৩, ২০০৬ সহ মোট ৯টি যৌন কেলেঙ্কারিতে ওয়ার্নের নাম জড়িয়েছে। নিজের আত্মজীবনীতে যেসব ঘটনার কয়েকটি উল্লেখও করেছেন তিনি।

শহিদ আফ্রিদি

তালিকায় আছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদিও। ২০০০ সালে আফ্রিদি এবং আরও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে একটি হোটেল রুমে নারীদের সঙ্গে ধরা পড়েন। আফ্রিদির দাবি ছিল, ওই নারীরা অটোগ্রাফ নিতে এসেছিলেন। কেনিয়াতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছিলেন আফ্রিদি-সহ ঘটনাস্থলে উপস্থিত ক্রিকেটাররা।

কেভিন পিটারসেন

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন বহুবার বিতর্কের মুখে পড়েছেন। বিগ ব্রাদার ফেম প্লেবয় মডেল ভানেসা নিম্মোর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি লুকোছাপা ছিল না। পরে একটি এসএমএস পাঠিয়ে নিম্মোর সঙ্গে ব্রেকআপ করে নেন পিটারসেন।

ক্রিস গেইল

তালিকায় ক্রিস গেইলের নাম থাকবে না তা কী করে হয়? শ্রীলঙ্কার একটি হোটেলে একবার তিনজন নারীর সঙ্গে ধরা পড়েছিলেন। দ্বিতীয় ঘটনা বিগ ব্যাশ লিগের সময়ের। সাক্ষাৎকার চলাকালীন এক টিভি প্রেজেন্টারকে ড্রিঙ্কস অফার করেন এবং 'বেবি' বলে সম্বোধন করে বসেন। ২০১৫ সালের বিশ্বকাপ চলাকালীন এক নারী স্টাফ তার বিরুদ্ধে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ তোলেন।

হার্শেল গিবস

নিজের অটোবায়োগ্রাফি ‘টু দ্য পয়েন্ট’-এ বেশ কিছু ঘটনা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্শেল গিবস। ১৯৯৯ সালের বিশ্বকাপে গিবস এক নারী কর্মচারীর সঙ্গে সম্পর্কে স্থাপন করেছিলেন।