নানা জটিলতায় গত কয়েক বছর যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ প্রায় বন্ধ। সর্বশেষ 'দিন : দ্য ডে' মুক্তি পেলেও নতুন করে বিদেশি প্রযোজনার সঙ্গে যৌথ আয়োজনে কোনো ছবির ঘোষণা আসেনি।
সেই নীরবতা ভাঙল 'স্পর্শ'। আবারো দেশের প্রযোজক ও নির্মাতারা আগ্রহী হলেন যৌথ প্রযোজনায়। এ সিনেমায় ঢাকার পাশাপাশি অর্থলগ্নি করবে কলকাতার প্রযোজক। আর এতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন।
দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে নিরব বলেন, 'অনেক দিন পর যৌথলগ্নিতে ছবি হচ্ছে। এটা দারুণ ব্যাপার। আমার যৌথ প্রযোজনায় প্রথম ছবি এটি। আমরা সব নীতি মেনে ছবিটি করছি। দুই বাংলাতেই শুটিং হবে। আশা করছি ভালো কিছু হবে।'
সিনেমাটি নির্মাণ করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আর কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন। পরিচালনা করবেন এপারের অনন্য মামুন আর ওপারের অভিনন্দন দত্ত।
জানা গেছে, ভারতে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে এ সপ্তাহেই। এতে নিরবের বিপরীতে থাকছেন দুই বাংলার দুজন নায়িকা। তাদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান অনন্য মামুন।