ফের ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে বড় জয় বাংলাদেশের

ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষে হারলেও নিজেদের তৃতীয় ম্যাচেও শুরুর চিত্রনাট্যের অবতারণা করেছে লাল সবুজরা। ফের হ্যাটট্রিকের আলো ছড়ালেন সুরভি আকন্দ প্রীতি। তাতে গোলাম রব্বানী ছোটনের দল প্রতিপক্ষের জালে যেন গোলের বৃষ্টি ঝড়িয়ে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই দলকেই ৮-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করেছিল আয়োজক দেশটি।

চলতি আসরে তিন ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন সুরভি। এ ম্যাচে তিনি ছয়টি গোল করেন। এছাড়া নুশরাত মিতু, আয়েশা আক্তার ও থুইনু মারমা একটি করে গোল করেন।

টুর্নামেন্টে ২০১৯ সালে শিরোপা জিতে বাংলাদেশ। প্রতিযোগিতায় নেপালের সমান ৬ পয়েন্ট লাল-সবুজদের। অবশ্য এক ম্যাচ কম খেলেছে নেপাল। তিন দলের এই আসরের শেষ ম্যাচে আগামী শুক্রবার মুখোমুখি হবে তারা। সে লড়াইতেই নির্ধারণ হবে কাদের মাথায় উঠছে শিরোপার মুকুট।