এক সপ্তাহের ব‍্যবধানে বিষপানে ২ সহপাঠীর আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে এক সপ্তাহ ব্যবধানে দুই সহপাঠী বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই দুই শিক্ষার্থী উপজেলার আড়াইপাড়া মাজেদা মজিদ উচ্চ বিদ‍্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। প্রধান শিক্ষক মো.ইয়াসিন আলী আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে মাজেদা মজিদ উচ্চ বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জেমি আক্তার ঘাস মারা কিটনাশক পান করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে রেফার করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর ওই শিক্ষার্থী মৃত্যু হয়। নিহত জেমি আড়াইপাড়া গ্রামের জামান মিয়ার মেয়ে।

এদিকে, একইভাবে গত ৫ নভেম্বর একই বিদ‍্যালয়ের নিহত জেমির সহপাঠী সাদিয়া আক্তার ঘাস মারার কিটনাশক পান করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। রবিবার (৬ নভেম্বর) অবস্থার উন্নতি হলে ছুটি নিয়ে বাড়ি আসে। আজ সোমবার (৭ নভেম্বর) নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ওই বিদ‍্যালয়ের অভিভাবক সদস‍্য আজাহারুল ইসলাম বলেন, শুনেছি ওই দুই শিক্ষার্থী প্রেমঘটিত বিষয়ে জড়িত ছিল। পরে জানলাম ঘাস মারার কিটনাশক পান করে আত্মহত্যা করেছে। মৃত্যুর বিষয়টা রহস্যজনক মনে হচ্ছে।

আড়াই পাড়া মাজেদা মজিদ উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন ফোনে দেশ রূপান্তরকে বলেন, নিহত দুই শিক্ষার্থী আমার বিদ‍্যালয়ের ছাত্রী। কেন ঘাস মারার বিষ পান করে ওই দুই শিক্ষার্থী মারা গেলো তা জানি না।