বিকাশকর্মীকে কুপিয়ে ৪ লাখ টাকা ছিনতাই

ঝিনাইদহ সদর উপজেলার গান্না সড়কের দইঝুড়ি এলাকায় মামুন হোসেন (৩০) নামের এক বিকাশকর্মীকে কুপিয়ে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত মামুন কালিগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা।

বিকাশের কালিগঞ্জ উপজেলার সুপারভাইজার আব্দুস ছালাম বলেন, বিকাশকর্মী মামুন হোসেন দুপুরে মোটরসাইকেল চালিয়ে কোটচাঁদপুর উপজেলার জালালপুর বাজারে যাচ্ছিলেন। পথে দইঝুড়ি মোড়ে পৌঁছালে চার যুবক প্রথমে চোখে ধুলাবালু ছিটিয়ে দেয়। এ সময় সে মোটরসাইকেল থেকে পড়ে গেলে দা দিয়ে তারা তাকে কুপিয়ে জখম করে এবং তার ব্যাগে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।