মৌলভীবাজারে ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল-বাসের মুখোমুখি সংঘর্ষে রফিকুল আমিন বোরহান (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে শহরতলীর পৌর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শাহেদ আলী (৪০) নামের এক যুবক গুরুতর আহত হন। তিনি বর্তমানে সিলেটে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত বোরহান সদর উপজেলার জুগিডহর এলাকার খসরু মিয়ার ছেলে।
এ ঘটনায় রাতে ট্রাফিক পুলিশের কনস্টেবল অসিত দাসকে পুলিশ লাইন্সে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায় জানান, বিকেলে জুগিডর এলাকায় ট্রাফিক কনস্টেবল বোরহানকে গাড়ি থামানোর জন্য সিগন্যাল দেন। তারা সিগন্যাল অমান্য করে পালিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে বোরহান মারা যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় রাতে ট্রাফিক পুলিশের কনস্টেবল অসিত দাসকে পুলিশ লাইন্সে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
এ ব্যাপারে ট্রাফিক পুলিশের কনস্টেবল অসিত দাসের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার পর মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়ক বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ করে রাখেন এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।