কুলাউড়ায় জনবল সংকটে উপজেলা প্রকৌশল বিভাগের বেহাল দশা

জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রকৌশল বিভাগ। অফিসে কর্মকর্তা/কর্মচারীর পদ শূন্য থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহতের পাশাপাশি প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রকৌশলীসহ ২১টি পদের ১০ জন কর্মকর্তা/কর্মচারীর পদ শূন্য থাকায় কচ্ছপগতিতে চলছে উপজেলা প্রকৌশল অফিসের কার্যক্রম। যার কারণে অফিসের টেন্ডার প্রক্রিয়া, প্রকল্পের প্রাক্কলন প্রস্তুতসহ নিয়মিত কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। এতে সেবাপ্রত্যাশীরা একদিকে হয়রানির শিকার হচ্ছেন অন্যদিকে এলাকাবাসী সেবাবঞ্চিত হচ্ছে।
শূন্য পদগুলোর মধ্যে সহকারী প্রকৌশলী একজনের স্থলে একটি পদ শূন্য, উপসহকারী প্রকৌশলী তিনজনের মধ্যে একজন, হিসাব সহকারী একজনের স্থলে একটি পদ শূন্য, অফিস সহকারী একজনের স্থলে একটি পদ শূন্য, কম্পিউটার অপারেটর একজনের স্থলে একটি পদ শূন্য, কার্য সহকারী পাঁচজনের মধ্যে তিনজন, নৈশপ্রহরী একজনের স্থলে একটি পদ শূন্য ও কমিউনিটি অর্গানাইজার একজনের স্থলে একটি পদ শূন্য রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা দেশ রূপান্তরকে বলেন, কুলাউড়া বৃহৎ একটি উপজেলা। জনবল সংকটের কারণে প্রতিনিয়ত কাজের ব্যাঘাত ঘটছে। শূন্য পদগুলোতে জনবল দেওয়ার জন্য এলজিইডির সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জানানো হয়েছে।

এলজিইডির সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, এলজিইডিতে এমনিতেই জনবল সংকট রয়েছে। আশা করি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।