পরিসংখ্যানে পাকিস্তান-নিউজিল্যান্ড লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত গত আসরেও যারা শেষ চারে খেলেছিল। নিউজিল্যান্ড সেবার ফাইনালে পৌঁছালেও পাকিস্তান পারেনি অস্ট্রেলিয়ার সঙ্গে হারায়। পরে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

এবার নিউজিল্যান্ডের চাওয়া ট্রফি জিতে গতবারের হাহাকার দূর করা। আর খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে পৌঁছানো পাকিস্তানও পেছন ফেরে তাকাতে চায় না আর।

সিডনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে খেলা। দুই দলের মাঠের লড়াই শুরুর আগে একটু তাকানো যাক পরিসংখ্যানে-

হেড টু হেড

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২৮ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। জয়ের পাল্লাটা পাকিস্তানের দিকেই ভারী। ১৭ ম্যাচে জিতেছে তারা। নিউজিল্যান্ডের জয় ১১ ম্যাচে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ছয়বারের দেখায়ও চারটিতে জয় পাকিস্তানের। নিউজিল্যান্ড জিতেছে দুই ম্যাচে।

ভেন্যু কথন

টস এই ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চলতি আসরে সিডনিতে অনুষ্ঠিত ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে আগে ব্যাট করা দল। পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই দলই খেলেছিল এ ভেন্যুতে। দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করেই হারিয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ড এ ভেন্যুতে দুই ম্যাচে দুটিতেই জিতেছে এবার। তারাও দুটি ম্যাচেই আগে ব্যাট করেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তো দুইশ রানের পুঁজি গড়ে ম্যাচ নিজেদের করেছিল ৮৯ রানে। সেদিন যে উইকেট ব্যবহার হয়েছিল, সেমিফাইনালেও ব্যবহার হবে সেটিই। সিডনির তিনটি উইকেটের মধ্যে যা সবচেয়ে ব্যাটিংবান্ধব পিচ। এই টুর্নামেন্টে সবচেয়ে রানও হয়েছে সিডনিতেই।

আরও পড়ুন

বিরানব্বই ফেরাতে পারবে পাকিস্তান?

পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে সতর্ক নিউজিল্যান্ড