করোনাভাইরাসের টিকাদানে বাংলাদেশে সাফল্যের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
তিনি বলেন, বাংলাদেশ ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে, যা বিশ্বে সর্বোচ্চ।
বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে তিনি একথা বলেন।
বাংলাদেশে টিকাদানে আমেরিকা গর্বিত অংশীদার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এখানে এসে শিশুদের এভাবে আগ্রহের সঙ্গে টিকা নিতে দেখে আমি খুব আনন্দিত। নারায়ণগঞ্জের শিশুরা বেশ সাহসী। তাদের কেউই টিকা নিতে ভয় পাচ্ছে না।
এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, এখনো ভাসমান জনগোষ্ঠীসহ যারা টিকা নেননি তাদের খুঁজে বের করে টিকা দেয়া হবে। আশা করি এভাবে শতভাগ টিকা দেয়া সম্পন্ন হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসন ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।