মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ ৯ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।
হাইকোর্টের ৬ সপ্তাহের জামিনের মেয়াদ শেষে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির ১১৫ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। এতে জেলা ও দায়রা জজ মো. আমজাদ হোসেন দলটির জেলা কমিটির সদস্য সচিবসহ ৯ জনের জামিন নামঞ্জুর ও ১০৬ জনের জামিন মঞ্জুর করেন।
পরে জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ ৯ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আসামি পক্ষের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত গেল ২১ সেপ্টেম্বর বিকেলে শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাটে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীসহ অর্ধশত আহত হয়।
গুরুতর আহত অবস্থায় যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন ও জাহাঙ্গীর মাদবরসহ ৩ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে যুবদল কর্মী শাওন মারা যান।
এছাড়া সংঘর্ষের ঘটনায় পরদিন ২২ সেপ্টেম্বর রাতে সদর থানায় এসআই মাঈনউদ্দিন ও শ্রমিকলীগ নেতা আব্দুল মালেক বাদী হয়ে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করে পৃথক দু’টি মামলা দায়ের করেন।