ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় এক ব্যবসায়ীর গায়ে ময়লা ছিটিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। টাকা ছিনিয়ে নেওয়ার আগে ছিনতাইকারী চক্রটি ভুক্তভোগী ব্যবসায়ীর পরনে থাকা পাঞ্জাবিতে কাদা জাতীয় ময়লা ছিটিয়ে তাকে ব্যতিব্যস্ত করে ফেলে।
বুধবার দুপুর ২টার দিকে নগরীর ছোট বাজার অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম শামসুল আলম (৬০)। তিনি ময়মনসিংহ নগরের আকুয়া এলাকার বাসিন্দা এবং পেশায় সার ব্যবসায়ী ও ঠিকাদার।
ভুক্তভোগী শামসুল আলম বলেন, দুপুর ২টার দিকে ছোট বাজার এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে ৯ লাখ টাকা তোলেন তিনি। পরে পাঁচ লাখ টাকা অন্য একটি ব্যাংকে জমা দেন। বাকি চার লাখ টাকা নিয়ে একটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। ওই সময় একদল ছিনতাইকারী তার পাঞ্জাবিতে ময়লা ছুড়ে মারে। তখন শামসুল আলম কিছুটা ব্যস্ত হয়ে পড়লে ওই সুযোগে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।