লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত ২

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুলালী এলাকার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি গ্রামের ওয়াসকুরুনী (৩০) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের আয়নাল হক (২৮)।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিরি) লোহাকুচি ক্যাম্পের কমান্ডার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে এখনো বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

নিহতদের পারিবার থেকে জানানো হয়েছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ১০-১২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী লোহাকুচি সীমান্তের ৯২১/এস ৬ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপার করতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার বাবুরহাট ক্যাম্পের কৈমারী সীমান্তে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আয়নাল হক ও ওয়াসকুরুনী মারা যান। পরে তাদের সঙ্গীরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে সীমান্তের দিকে গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এ সময় বিএসএফের গুলিতে ওই দুই ব্যক্তি মারা যান।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনা জানতে পেরেছি। খবর পেয়ে নিহতদের বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে কৈমারী বিএসএফ ক্যাম্প কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।