অ্যাডিলেডে পান্ডিয়া ঝড়, ইংল্যান্ডের সামনে লক্ষ্য ১৬৯

দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলি আরও একবার জ্বলে উঠলেন। তুলে নিলেন আসরে নিজের চতুর্থ ফিফটি। চতুর্থ উইকেটে তার সঙ্গে দারুণ জুটি উপহার দেওয়া হার্দিক পান্ডিয়া খেললেন টর্নেডো ইনিংস। সুবাদে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। পাওয়ার প্লেতে প্রতিপক্ষকে খুব বেশি রান তুলতে দেয়নি তারা। তবে কোহলি ও পান্ডিয়ার ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৮ রানের পুঁজি গড়ে ভারত।

ইনিংসের শেষ বলে হিট উইকেট হওয়া পান্ডিয়া ৩৩ বলে ৬৩ রান করেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৫ ছক্কা। কোহলি ৪ চার ও ১ ছক্কায় ৪০ বলে ৫০ রান করেন। এই ইনিংসের পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।

অ্যাডিলেডে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দেয় ভারত। ইনিংসের প্রথম বলেই বেন স্টোকসকে চার হাঁকান লোকেশ রাহুল। তবে দ্বিতীয় ওভারেই ক্রিস ওকসের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন রাহুল। ৫ বলে ৫ রান করেন এই ডানহাতি ওপেনার।

এরপর রোহিত শর্মার সঙ্গে উইকেটে যোগ দেন কোহলি। ধাক্কা সামলানোর চেষ্টা চালান তারা। দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেন ৪৭ রান। নবম ওভারে রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন ক্রিস জর্ডান। ২৮ বলে ৪ চারে ২৭ রান করেন রোহিত।

প্রথম ১০ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ৬২। ১২তম ওভারে সূর্যকুমারকেও হারায় ভারত। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার ঝোড়ো শুরুর আভাস দিয়েছিলেন। বেন স্টোকসকে ১১তম ওভারে টানা দুই বলে ছক্কা ও চার হাঁকান। পরের ওভারে আদিল রশিদের বলে ফিরতে হয় তাকে। ১০ বলে ১৪ রান করেন তিনি।

এরপর কোহলি ও পান্ডিয়ার ৪০ বলে ৬১ রানের দুর্দান্ত জুটিতে বড় রানের পথে এগোতে থাকে ভারত। ১৮তম ওভারে ফিফটি পূরণের পরের বলেই অবশ্য কোহলি ফিরে যান। তবে পান্ডিয়া উইকেটে ছিলেন শেষ বল পর্যন্ত। ক্রিস জর্ডানের করা ইনিংসের শেষ বল ব্যাকফুটে খেলতে গিয়ে পা দিয়ে স্টাম্প ভেঙে হিট উইকেট হন তিনি।

ইংলিশদের পক্ষে জর্ডান ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল। ১টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও আদিল রশিদ।

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ইংল্যান্ড ও ভারতের মধ্যে জয়ী দল শিরোপার লড়াইয়ে তাদের সঙ্গী হবে।