২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের করা জামিন আবেদনের প্রেক্ষিতে ইডিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন দিল্লি আদালত। বৃহস্পতিবার বিচারপতি ইডিকে প্রশ্ন করেন, বার বার জ্যাকলিনকে না ডেকে তথ্যপ্রমাণ থাকলে এতদিন গ্রেপ্তার করা হয়নি কেন?
জ্যাকলিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছিল ইডি। আদালতে ইডি জানিয়েছিল এ বিষয়ে তাদের কাছে প্রমাণও রয়েছে। এমনকি, ইডি অভিযোগ তোলে জ্যাকলিন নাকি প্রমাণ নষ্ট করার চেষ্টায় ছিলেন। তবে ইডির এধরনের অভিযোগকে ফুৎকারে উড়িয়েছিল জ্যাকলিনের আইনজীবী। তবে আপাতত স্বস্তিতে জ্যাকলিন। বাড়ানো হয়েছে তার জামিনের মেয়াদ।
প্রসঙ্গত, যেভাবেই হোক ঠগবাজ সুকেশের ২০০ কোটি টাকার দুর্নীতিকাণ্ড থেকে মুক্তি পেতে চান জ্যাকলিন। কারণ, যেদিন থেকে এই সুকেশকাণ্ডে ঢুকে পড়েছেন জ্যাকলিন, সেদিন থেকেই বলিউডে অভিনেত্রীর ভাবমূর্তি নষ্ট হয়ে চলেছে। এমনকি, জ্যাকলিনের আশঙ্কা এই কাণ্ডের জেরে বলিউডে ছবিও পাচ্ছেন না তিনি। তাই যত দ্রুত সম্ভব এসব থেকে নিজেকে সরিয়ে ফেলতে চান জ্যাকলিন।
সুকেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রথমে কিছু বলতে না চাইলেও জানুয়ারি মাসের প্রথম দিকে সোশাল মিডিয়ায় মুখ খেলেন জ্যাকলিন। তিনি জানান, এ দেশের প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসা এবং সম্মানে ভরিয়ে দিয়েছেন। গণমাধ্যমের বন্ধুরাও রয়েছেন এই তালিকায়। আমি তাদের থেকে অনেক কিছু শিখেছি। বর্তমানে আমার জীবন সোজা পথে চলছে না। তবে আমি নিশ্চিত আমার বন্ধু এবং অনুরাগীরা আমার পাশে আছেন। গণমাধ্যমের বন্ধুদের অনুরোধ করব আমার গোপনীয়তাকে লঙ্ঘন করে ব্যক্তিগত মুহূর্তের কোনো ছবি প্রকাশ কিংবা প্রচার করবেন না। আমি জানি আপনারা আমার অনুরোধ রাখবেন। আশা রাখি সুবিচার পাব। সূত্র : টাইমস অব ইন্ডিয়া