এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এমএন লারমার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্মরণ সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা। অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন এমএন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।

স্মরণসভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু পাহাড়ের মানুষের নেতা ছিলেন না; তার সংগ্রাম ছিল সব শ্রেণির নিপীড়িত গণমানুষের পক্ষে, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে।

উল্লেখ্য, ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর তৎকালীন রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম জেলার বুড়িঘাট মৌজার মাওরুম নামক গ্রামে জন্ম নেন মানবেন্দ্র লারমা। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ি জেলার ভগবান টিলা এলাকায় নিজের গঠিত শান্তিবাহিনীর একদল বিভেদপন্থির হাতে আট সহযোদ্ধাসহ নিহত হন।