টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন বিরাট কোহলি। ভারতের এই ব্যাটার লিখেছেন, ভাঙা হৃদয় নিয়ে অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে তাদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হারে ভারত। টুর্নামেন্টটা ব্যাট হাতে দারুণ কাটিয়েছেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষেও যেমন ফিফটি করেন। কিন্তু শেষ পর্যন্ত দল হেরেছে। তাই কষ্টই সঙ্গী তার।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা পোস্টে কোহলি লিখেছেন, ‘আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারিনি এবং ভাঙা হৃদয় নিয়ে অস্ট্রেলিয়া ছাড়তে যাচ্ছি। কিন্তু আমরা দলগতভাবে অনেক স্মরণীয় মুহূর্ত নিয়ে দেশে ফিরব এবং আমরা এখান থেকে আরও ভালো হতে চাইব।’
ভারতের সাবেক এই অধিনায়ক আরও লিখেছেন, ‘আমাদের সকল ভক্তদের ধন্যবাদ, যারা স্টেডিয়ামে আমাদের সমর্থন করার জন্য এসেছিলেন। এই জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে সবসময় গর্ব বোধ করি।’
কোহলি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরে ৬ ইনিংসে মোট ২৯৬ রান করেছেন। যার মধ্যে ফিফটি ছিল চারটি।