চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় সংগঠনের ৮ নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার রাতে এ-সংক্রান্ত একটি চিঠি জেলা আওয়ামী লীগের কাছে পাঠিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
ওই চিঠিতে, ২ নভেম্বর অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক চৌধুরীর বিপক্ষে এবং ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে কাজ করায় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন।
এর আগে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানোয় চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়।
বহিষ্কারের জন্য সুপারিশ করা ৮ নেতা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম ছালেহ, সহসভাপতি ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ওয়াহেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাফর ইকবাল, সদস্য ও জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, সদস্য মহিউদ্দিন ভান্ডারী ও আবদুস শুক্কুর।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি বলেন, দলীয় গঠনতন্ত্রের ৪৭ (ঞ) ধারা অনুযায়ী আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে ওই আটজনকে স্থায়ীভাবে বহিষ্কার এবং দলীয় সব কর্মকা- থেকে বিরত রাখার সুপারিশ করা হয়েছে।