মৌলভীবাজার থেকে মোটরসাইকেলে ছেলেকে নিয়ে শ্রীমঙ্গলে বাড়ি ফিরছিলেন বেসরকারি টেলিভিশন ‘বাংলা টিভির’ প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন (৫০)। পথে মোকামবাজার এলাকায় পৌঁছলে সড়কের পাশ থেকে একটি কাটা গাছ পড়ে তার ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আহত হয় তার ছেলে জয় বর্ধন। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোকামবাজার এলাকায় সড়কের রাস্তার পাশের চোরেরা গাছ কাটছিল। সেই গাছে পড়েই বিক্রমজিৎ বর্ধন মারা যান। এসময় তার ছেলে জয় বর্ধন আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিনুল হক জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।