শচীন না শেবাগ, কার সঙ্গে ব্যাটিং বেশি উপভোগ করতেন সৌরভ?

শচীন টেন্ডুলকার না বীরেন্দর শেবাগ? ওপেনিংয়ে কার সঙ্গে ব্যাটিং করাটা বেশি উপভোগ করতেন সৌরভ গাঙ্গুলি? শুক্রবার আবুধাবিতে এমন প্রশ্নের উত্তর দিলেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি।

একটি সংস্থার বার্ষিক সভায় অংশ নিয়েছিলেন সৌরভ। সেখানেই এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেবাগ নয়, বাইশ গজে শচীনের সঙ্গে ওপেনিং ব্যাটিং সবচেয়ে বেশি উপভোগ করতেন তিনি।

সৌরভ বলেন, মাঠে শেবাগের থেকে শচীন তাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছেন।

ওই সংস্থার বার্ষিক সভায় সৌরভকে কয়েকটি ব়্যাপিড ফায়ার প্রশ্ন করা হয়। একটি প্রশ্ন ছিল- কার সঙ্গে ওপেনিং ব্যাটিং বেশি উপভোগ করতেন সৌরভ?

যার জবাবে সৌরভ বলেন, ‘শচীন অনেক বেশি ধীরস্থির ৷ আর শেবাগ ছিল পাগল। তাই অবশ্যই শচীন। আসলে ও আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে। শচীন আমার খেলাটাকে আর উচ্চ স্তরে নিয়ে যেতে সাহায্যও করেছে।’

সৌরভের কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে এমন কোন ব্যক্তি আছেন যাকে তিনি সবচেয়ে বেশি মেনে চলেন? এই প্রসঙ্গে আবারও সৌরভ শচীনের নাম নেন। বলেন, ‘শচীন। ও স্পেশাল ছিল এবং আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। আমি ওকে পাঁজরে বলের আঘাত সহ্য করতে দেখেছি। একটা শব্দও বের করেনি মুখ থেকে। তার পরেও রান করে গেছে। আমি সেই শব্দ শুনেছিলাম। ওকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, তুমি ঠিক আছ? জবাব দিয়েছিল, ঠিক আছি। আর পরেরদিন সকালে রিপোর্টে চিড় ধরা পড়ে। ও খুব স্পেশাল।’