পঞ্চগড়ে ভয়াবহ আগুনে পুড়ল ৭০ দোকান

পঞ্চগড়ের রাজনগর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ অন্তত ৭০টি দোকানঘর পুড়ে গেছে।

শুক্রবার রাত দেড়টার দিকে মধ্যবাজারের শুকটিহাটি থেকে অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয়দের ধারণা। এরপর আগুন দ্রুত পাশের মুরগীহাটি, পানহাটি, মুড়িহাটি, চুড়িহাটিতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মধ্যরাতে আগুনের খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস এর সবগুলো ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহায়তা এবং ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় চারটি পট্টির অন্তত ৭০টি দোকানসহ মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

পঞ্চগড় বাজারের মুরগি হাটির ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, আগুনে আমাদের প্রায় ২৪ টি দোকান পুড়ে যায়। প্রতিটি দোকানেই কমবেশি মুরগি ছিল। এদের কেউ দেশি মুরগি এবং কেউ ব্রয়লার মুরগি বিক্রি করেন। গভীর রতে হঠাৎ করে লাগা আগুনে আমাদের দোকান ঘরের সঙ্গে ব্যবসায়িক পুঁজিও শেষ হয়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কোনো দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি। তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আগুনে ৬৫ দোকান পুড়ে গেছে প্রাথমিকভাবে আমরা তালিকা করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। উদ্ধারকৃত মালামালের পরিমাণ ৫১ লাখ টাকা।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জরিপের মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ণয় করা কবে।