পুল খেলায় তরুণ ও চাচার হাতে শিশু খুন

বগুড়ায় পুল খেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক ভারসাম্যহীন চাচার দায়ের কোপে মারা গেছে এক শিশু। এ ছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুদিন পর করতোয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে কলেজছাত্রের ভাসমান মরদেহ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বগুড়া : জুনায়েদ আল হাবিব বিপুল (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে শহরের নামাজগড় মোড়ে ব্রেক এন রান বিলিয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহৃত চাকু উদ্ধার করেছে। গতকাল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আকী হায়দার চৌধুরী।

নিহত বিপুল বগুড়া শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলো বগুড়া শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার  দীপঙ্কর রায় (১৯), মো. সাহিল (২০), নামাজগড় ভুষিপট্টি এলাকার আরিফ হাসান (৩২), দক্ষিণ কাটনারপাড়া এলাকার শাকি আল মামুন (২৭) ও ফুলবাড়ী দক্ষিণপাড়ার শোহাইব নবী (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের নামাজগড় মোড়ে অবস্থিত ব্রেক এন রান বিলিয়ার্ড পুল অবস্থিত। গ্রেপ্তারকৃতরা পুল খেলছিল। এ সময় সেখানে বন্ধুদের নিয়ে পুল খেলতে এসে বিপুল খেলার বোর্ড ছেড়ে দিতে বলে। এতে বাগ্্বিত-ার একপর্যায়ে গ্রেপ্তারকৃতরা বিপুলের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ময়মনসিংহ : ঈশ^রগঞ্জে মানসিক ভারসাম্যহীন চাচার দায়ের কোপে নাইম মিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবেস্থান গ্রামে এ ঘটনা ঘটে। নাইম ওই এলাকার নুরুল ইসলাম ওরফে কাদের মিয়ার ছেলে। এ ঘটনায় চাচা আব্দুল বারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈশ^রগঞ্জ থানার ওসি শেখ মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল বারেক দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : নিখোঁজের দুদিন পর গতকাল শনিবার সকালে করতোয়া নদী থেকে এক কলেজছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানার পুলিশ। নিহত শিক্ষার্থী মনির হোসেন (১৮) শাহজাদপুর পৌর সদরের রূপপুর পুরানপাড়া মহল্লার হারুন অর রশিদের ছেলে। মনির শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ছিলেন।