জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জে আসছেন সোমবার। তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য হিসেবে এ সফর করবেন।
স্পিকার সোমবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে সড়ক পথে পীরগঞ্জে পৌঁছাবেন। ড. শিরীন শারমিন চৌধুরী একই দিন দুপুরে পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় কাবিলপুর ইউনিয়নের লালদিঘী মেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় যোগ দেবেন।
তিনি এ সময় ইউনিয়নের উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, হুইল চেয়ার, সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করবেন।
বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ‘মহাকাব্যিক মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের পর সড়কপথে সৈয়দপুর এবং সেখান থেকে বিমান যোগে ঢাকায় ফিরবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম স্পিকারের সফর সূচি নিশ্চিত করেন।