বাবা হারানো শিশু পেল মিলিয়ন দিরহাম পুরস্কার

আরব রিডিং চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে সাত বছর বয়সী সিরিয়ান শিক্ষার্থী শাম আল-বাকুর। গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুবাইয়ের অপেরায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এক মিলিয়ন দিরহাম (প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা) পুরস্কার প্রদান করেন আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ আল-মাকতুম।

আরবিভাষী শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে পাঠের অভ্যাস গড়তে ২০১৫ সাল থেকে আরব রিডিং চ্যালেঞ্জ শুরু হয়। আরব রিডিং চ্যালেঞ্জের ষষ্ঠ পর্বে অংশ নিয়েছে ৪৪টি দেশের প্রায় ২ কোটি ২২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী। এবারই প্রথম রেকর্ডসংখ্যক পাঠক এতে অংশ নেয়। শাম আল-বাকুরের জীবন দুঃখ-কষ্ট ও প্রিয়জনদের হারানোর বেদনায় ভরপুর। ২০১৫ সালে সিরিয়ার আলেপ্পো শহরে গৃহযুদ্ধ চলাকালে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি তার পরিবার। সেখান থেকে সে ও তার মা রক্ষা পেলেও মারা যায় তার বাবা। তখন তার বয়স ছিল মাত্র সাত মাস। 

শাম আল-বাকুরের মা মানাল মাতার জানিয়েছেন, ‘ছোটবেলায়ই আমি তার মধ্যে মুখস্থ করার আগ্রহ লক্ষ্য করি। তিন বছর বয়স থেকেই সে পবিত্র কোরআনসহ যেকোনো বিষয়ই মুখস্থ রাখতে পারে।’ আরব রিডিং চ্যালেঞ্জে দ্বিতীয় স্থান অধিকার করে এক লাখ দিরহাম পেয়েছে তিউনিসিয়ার আদম আল-কাসিমি এবং তৃতীয় হয়ে ৭০ হাজার দিরহাম পেয়েছে জর্দানের রাশিদ আল-খাতিব।

এ ছাড়া ২৬টি অনারব দেশ বাছাই করে কমিউনিটি চ্যাম্পিয়ন তিনজনকে পুরস্কার দেওয়া হয়েছে। এতে কমিউনিটি চ্যাম্পিয়ন হিসেবে এক লাখ দিরহাম পুরস্কার পেয়েছে বেলজিয়ামে বসবাসকারী ফিলিস্তিনি শিক্ষার্থী নাদা আল সাতরি। দ্বিতীয় স্থান অধিকার করে ৭০ হাজার দিরহাম পুরস্কার পেয়েছে মরক্কো বংশোদ্ভূত স্পেনের প্রতিনিধিত্বকারী মারোয়া আল-বাকরি এবং তৃতীয় স্থান অধিকার করে ৩০ হাজার দিরহাম পুরস্কার পেয়েছে অস্ট্রিয়ার নাদিয়া আল বাহনাসি।

তা ছাড়া ৯২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে মরক্কোর আল মোখতার গাজউলিত স্কুলকে ১০ লাখ, সৌদি আরবের আল-তারবিয়াহ আল-আহলিয়াহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পাঁচ লাখ এবং বাহরাইনের আল-আহেদ আল-জাহের উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে তিন লাখ দিরহাম সম্মাননা পুরস্কার দেওয়া হয়।