ব্যাংকের আমানত নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই

ব্যাংকের আমানত নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। কোনো গ্রাহককে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম আজাদ। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে কোনো ব্যাংক বন্ধ হয়নি। ভবিষ্যতেও কোনো ব্যাংক বন্ধ হয়ে যাবে না। তাই আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এরপর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়।

এতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, কোনো ব্যাংক যদি আমানতের টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া যেকোনো অভিযোগ জানাতে ১৬২৩৬ নম্বরে কল দেওয়ার পরামর্শ দেন তিনি।

এ সময় বিশ^ব্যাংকের অর্থায়ন নিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিশ^ব্যাংকের চলমান যে প্রকল্পগুলো রয়েছে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। বিশ^ব্যাংক সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছে। এ ছাড়া নতুন প্রকল্পে বিনিয়োগে বিশ^ব্যাংক আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

অপরদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবিলায় বিশ^ব্যাংকের কাছে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার ঋণ চেয়েছিল বাংলাদেশ। এর মধ্য থেকে ২৫ কোটি ডলার প্রথম কিস্তিতে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা।