সারা আলির সঙ্গে সত্যিই 'ডেট' করছেন শুভমন গিল?

বলিউডে কান পাতলেই আজকাল একটাই আলোচনা। অভিনেত্রী সারা আলি খান এবং ক্রিকেটার শুভমন গিল নাকি প্রেম করছেন। কিছুদিন আগে দুজনের দুটি ভিডিও দেখে অনেকেই আন্দাজ করেছিলেন তা হলে এ কি কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত? তবে এতদিন এ বিষয়ে মুখ খোলেননি তাদের কেউ-ই। অবশেষে একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে এসে নীরবতা ভাঙলেন শুভমন।

পাঞ্জাবি রিয়েলিটি শো 'দিল দিয়া গল্লা'র সিজন ২-এর অতিথি ছিলেন শুভমান। সেখানেই ঝুলি থেকে বের হলো বিড়াল। সঞ্চালক প্রশ্ন করেন, বলিউডে সবচেয়ে ফিট অভিনেত্রী কে? এক মিনিটও না ভেবে শুভমনের উত্তর ছিল, সারা আলি খান। ঠিক তখনই নায়িকাকে ডেট করা নিয়ে প্রশ্ন করা হয় তাকে। না সঠিক জবাব না দিলেও বরং ধোঁয়াশা জিইয়ে রাখলেন শুভমন। তিনি বলেন, হয় তো হ্যাঁ বা না।

প্রসঙ্গত, সারা আর শুভমনের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন শোনা গিয়েছিল আগস্ট মাসে। তাদের একসঙ্গে দেখা গিয়েছিল রেস্তোরাঁয়। ভিডিওটি শেয়ার করেছিলেন এক নারী। লিখেছিলেন, 'সারাকে দেখলাম বাস্তিয়ানে।'

যদিও শুভমনকে নিয়ে সমান্তরালে আরো এক গুজব শোনা যায়। তিনি নাকি শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারে মজেছেন। কিন্তু কোন সারা আসলে শুভমনে মজে? সেটিই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। সূত্র : পিঙ্কভিলা