গাজীপুরের কালীগঞ্জে ওয়াজ শুনতে গিয়ে মো. হৃদয় হাসান আলিফ (১৯) নামে এক কলেজছাত্র ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও নিহতের চার বন্ধুকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম জানায়নি। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন বাজার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আলিফ শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের মো. আমানউল্লাহর ছেলে। তিনি প্রহলাদপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, কী কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা আমানউল্লাহ মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।