চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধ চান না বাইডেন

চীনের সঙ্গে যেকোনো সংঘাত কিংবা নতুন স্নায়ুযুদ্ধ এড়াতে চান বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ জোটের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর বাইডেন এ কথা বলেন। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শি চিনপিংয়ের সঙ্গে এবারই প্রথম মুখোমুখি বৈঠক করলেন জো বাইডেন। এর আগে উভয় নেতা পাঁচবার ফোন বা ভিডিও কলে কথা বলেছেন। আর সোমবারের আগে এ দুই নেতার সামনাসামনি দেখা হয়েছিল ওবামার শাসনামলে। সে সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

জি-২০ সম্মেলন শুরুর আগের দিন সোমবার বৈঠকের পর বাইডেন বলেন, ‘আমি পুরোপুরিই বিশ্বাস করি, নতুন স্নায়ুযুদ্ধের দরকার নেই। আমরা একে অন্যের সঙ্গে অকপট ও স্পষ্ট ভাষায় কথা বলেছি। পেইচিং বর্তমান বিশ্বব্যবস্থা পাল্টে দিতে চায় না।’

বৈশ্বিক পরাশক্তি এ দুই দেশের সর্বোচ্চ নেতার বৈঠকের পর তাদের কার্যালয় থেকে দেওয়া পৃথক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে উভয় নেতা আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, জলবায়ু পরিবর্তন, ঋণ, ত্রাণ, স্বাস্থ্য সুরক্ষা এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্র এবং চীনকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় এটাই প্রত্যাশা করে।

অন্যদিকে সরকারি চীনা বার্তা সংস্থা সিনহুয়াও প্রেসিডেন্ট শি চিনপিংকে উদ্ধৃত করে বলেছে, বিশ্ব শান্তির জন্য আরও আশা, বৈশ্বিক স্থিতিশীলতার ওপর বৃহত্তর আস্থা এবং অভিন্ন উন্নয়নে শক্তিশালী প্রেরণা আনতে উভয়পক্ষের সব দেশের সঙ্গে কাজ করা উচিত।

জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য বালিতে উপস্থিত হওয়া বাইডেন এবং চিনপিংয়ের মধ্যে ওই বৈঠক তিন ঘণ্টা ধরে চলে। সাক্ষাতের শুরুতে দুই নেতা সাংবাদিকদের সামনে হাসিমুখে করমর্দন করেন। এ বৈঠকের ফলে দুই পরাশক্তির মধ্যে সম্প্রতি শীতল হয়ে পড়া সম্পর্ক অন্তত কিছুটা উষ্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউজ জানিয়েছে, বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, দুই দেশের মধ্যে প্রতিযোগিতা চলবে, কিন্তু তা সংঘাতে পরিণত হতে দেওয়া উচিত নয়।