রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৪ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ বুধবার (১৬ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৪৭৪২টি ইয়াবা, ৬.২ গ্রাম হেরোইন, ১৪৯২ ক্যান বিয়ার, ৬৬ কেজি ৯৫০ গ্রাম গাঁজা এবং ৬৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রুজু হয়েছে।