সতীর্থদের বিপদ আর কোচদের সমস্যার নাম রোনালদো : কাসানো

সম্প্রতি ক্রিশচিয়ানো রোনালদোর বিস্ফোরক মন্তব্যে রীতিমতো উত্তাল ফুটবল বিশ্ব। সেখানে ধুয়ে দিয়েছেন তার সাবেক সতীর্থদেরও। তবে এবার রোনালদোকে এক হাত নিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আন্তনিও কাসানো।

বোবো টিভির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘রোনালদো গত তিন বছর ধরে আর নিজের মধ্যে নেই। এই বছর তার স্পোর্টিং লিসবনে যোগ দেওয়া উচিত ছিল। বিশ্বকাপের পর ফুটবল থেকেও তার বিদায় নেওয়া সময়োপযোগী সিদ্ধান্ত হবে। সে এখন কোচদের জন্য একটি সমস্যা, এবং সে তার সতীর্থদের সমস্যায় ফেলে। এমনকি তার দীর্ঘদিনের সতীর্থ বেনজেমাকে ব্যালন ডি’অর জেতার পর অভিনন্দন জানাতে ফোন পর্যন্ত করেনি।’

কাতারে বিশ্বকাপে শেষে রোনালদোকে নিজের বুট জোড়া তুলে রাখার পরামর্শ দিয়েছেন কাসানো, ‘সে তার চোখ বেঁধে রেখেছে। রোনালদো মনে করছে যে সে ৫০ বছর না হওয়া পর্যন্ত খেলতে পারবে। প্রিয় রোনালদো, আমি তোমাকে একটা কথা বলি: বিশ্বকাপ দিয়ে নিজেকে বড় হয়ে শেষ কর।’