বিশ্বকাপে বিশেষ প্যাভিলিয়ন

ফিফা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম আরব-মুসলিম দেশ হিসেবে কাতার ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে। এটাই সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ও শীতকালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শকদের স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে কাতার। বিশ্বকাপ চলাকালে ইসলামের শিক্ষা ও পরিচিতি তুলে ধরতে প্যাভিলিয়ন চালু করেছে দেশটির আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ নভেম্বর) আলজাজিরা মুবাশির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের সময় নানা দেশের দর্শকদের কাছে ইসলামের পরিচয় তুলে ধরতে এ উদ্যোগ নিয়েছে দেশটির আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়। উদ্যোগের অংশ হিসেবে প্যাভিলিয়নে বিভিন্ন ভাষায় মুদ্রিত ইসলাম ও আরব সংস্কৃতির পরিচিতিমূলক বই বিতরণ করা হবে। দর্শকদের সঙ্গে তাদের নিজস্ব ভাষায় কথা বলার জন্য থাকবেন ওই ভাষার ইসলাম প্রচারক। বিশেষত উপসাগরীয় দেশ কাতারের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে দর্শনার্থীদের কাছে। এতে ভার্চুয়াল রিয়্যালিটি বা ভিআর প্রযুক্তির সাহায্যে দেখানো হবে পবিত্র কাবাঘর, হাজরে আসওয়াদসহ মক্কা ও মদিনার ঐতিহাসিক ইসলামি স্থাপনা। 

বিশ্বকাপের আয়োজন ঘিরে নতুনভাবে সেজেছে কাতার। আরব ও ইসলামি স্থাপত্যশৈলীকে ধারণ করে প্রস্তুত রয়েছে দৃষ্টিনন্দন ৮ স্টেডিয়াম। রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে নবী করিম (সা.)-এর হাদিস-সংবলিত ম্যুরাল। সামাজিক শিষ্টাচার নিয়ে নবী করিম (সা.)-এর প্রজ্ঞাপূর্ণ বাণীগুলো লেখা হয়েছে আরবি ও ইংরেজি ভাষায়। অর্থপূর্ণ হাদিসগুলো চলার পথে দর্শক ও পাঠকদের মনে তৈরি করে অন্য রকম অনুভূতি। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ব্যাপক প্রশংসিত হচ্ছে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের মহাসচিব ড. আলি আল-কারাহ দাগি বলেছেন, ‘কাতার বিশ্বকাপ ঘিরে বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামের সুমহান বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন দেয়ালে আরবি ও ইংরেজিতে লেখা হয়েছে নবী করিম (সা.)-এর অর্থপূর্ণ হাদিস। এমনটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।’

ফুটবল বিশ্বকাপ ঘিরে এমন উদ্যোগের প্রশংসায় ফিলিস্তিনি সাংবাদিক তামির আল-মিসহাল লিখেছেন, ‘বিশ্বকাপ উপলক্ষে আগত দর্শকদের ইসলামের সঙ্গে পরিচিত করতে নবী করিম (সা.)-এর বাণী দিয়ে সাজানো হয়েছে দোহার দেয়ালগুলো। আরবিতে লেখা হাদিসগুলোর পাশাপাশি ইংরেজি অনুবাদও সংযুক্ত করা হয়।’

উপসাগরীয় দেশ কাতারের পাঁচটি শহরে ৮ স্টেডিয়ামে এবার ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আগামী ২০ নভেম্বর আল বাইত স্টেডিয়ামে এর উদ্বোধন ম্যাচ এবং ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী বিশ্বকাপ ২০২৬-এ থাকবে ৪৮টি দল, যা কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।