বগুড়ার শাজাহানপুরের আশেকপুর হিন্দুপাড়ায় নীলকান্ত (৫৫) নামে এক রাজমিস্ত্রি খুন হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত ভবানী কান্তর ছেলে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেবা রানী (৫০) নামে এক নারীকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
শাজাহানপুর থানায় মামলা সূত্রে জানা গেছে, নীলকান্ত ও রেবা রানী প্রতিবেশী। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাভির দুধ দোয়াচ্ছিলেন রেবা রানী। এ সময় পাশে থাকা ঢিবি থেকে ফসলি জমির জন্য গোবর নিয়ে যাচ্ছিলেন নীলকান্ত। একপর্যায়ে কোদালের শব্দে গাভি নড়াচড়া করায় দুধের বালতি পড়ে যায়। এ নিয়ে নীলকান্তের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন রেবা রানী। একপর্যায়ে রেবার ছেলে মোহন (২২) ঘটনাস্থলে আসেন এবং মা-ছেলে মিলে নীলকান্তকে বেধড়ক পেটান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান নীলকান্ত। এ ঘটনায় নিহত নীলকান্তর স্ত্রী চায়না রানী বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা করেছেন।