শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স

হাসপাতালের টিকিট বিক্রেতা স্কুলছাত্র!

শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কাউন্টারে বহির্বিভাগে আসা রোগীদের কাছে টিকিট বিক্রি করতে দেখা গেছে এক স্কুলছাত্রকে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

জানতে চাইলে ওই স্কুলছাত্র বলেন, আমার আব্বা আমাকে টিকিট কাউন্টারে বসিয়ে গিয়েছেন এবং বহির্বিভাগ আসা রোগীদের কাছে টিকিট বিক্রি করার জন্য বলেছেন।

এসময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাখলুকা মুর্শেদের কক্ষের সামনে নারী ও শিশুদের উপচে পড়া ভিড় দেখা যায়। পরে দুপুর ১২টার দিকে ডা. মাখলুকা মুর্শেদকে হাসপাতালে আসতে দেখা যায়।

এ বিষয়ে ডা. মাখলুকা মুর্শেদ বলেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ছুটিতে আছেন, তাই আমি হাসপাতালের দায়িত্বে আছি। আমার হাজব্যান্ড রিসেন্টলি এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ায় বাচ্চাকে স্কুল থেকে আনতে আমাকে মাঝেমধ্যে যেতে হয়।

স্কুলশিক্ষার্থী কাউন্টারে টিকিট বিক্রি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হয়তো আমাদের কোনো স্টাফের সন্তান হবে। বিষয়টি দেখব।

মোবাইলে কল দিয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, আমি ছুটিতে ঢাকায়।

জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদকে ঘটনা জানালে তিনি বলেন, এসব বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।