বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামিতে এবার স্থান পেল বাংলাদেশের নাম। প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এ আসরে মনোনয়ন পেয়েছে বাংলাদেশি দুই শিল্পী নাশিদ কামাল ও আরমীন মুসার গানের অ্যালবাম ‘শুরুয়াত, বার্কলে ইন্ডিয়ান অনসম্বল’। নাশিদ কামাল ও আরমীন মুসা সম্পর্কে মা-মেয়ে। তাদের গানের অ্যালবাম ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডের সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগের জন্য মনোনীত হয়েছে। গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে। আরমীন মুসাও গতকাল এ খবর নিশ্চিত করেছেন। উচ্ছ্বসিত আরমীন বললেন, ‘এই গানে মায়ের ছোঁয়া ছিল বলেই হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গেছে গানটি। আমি খুবই খুশি, আনন্দিত। পুরো ব্যাপারটার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’ ‘শুরুয়াত, বার্কলে ইন্ডিয়ান অনসম্বল’ অ্যালবামে আরমীনের গাওয়া ‘জাগো পিয়া’ শিরোনামের গানের কথা লিখেছেন তার মা নজরুলসংগীত শিল্পী নাশিদ কামাল। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘গত পরশুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ব্র্যান্ডিং করতে হবে। মা-মেয়ে মিলে আমরা সেই কাজটিই করলাম। একটি নতুন ক্ষেত্রে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে ব্র্যান্ডিং করলাম। বিশ্ববাসী জানতে পারবে বাংলাদেশ নামের একটি দেশে এ ধরনের বিশ্বমানের গান হয়। আমি ভীষণ আপ্লুত। আমার মেয়ের জন্য গর্বিত। তাকে লালন পালন থেকে শুরু করে মিউজিক নিয়ে তার পড়াশুনা, সব বিষয়ে আমি যে একটু হলেও অবদান রাখতে পেরেছি তার জন্য নিজেই গর্ববোধ করছি।’ গানটি লেখা নিয়ে তিনি বলেন, ‘যুগের পর যুগ নজরুলের গানের চর্চা ও গবেষণা করতে করতে ‘জাগো পিয়া’র মতো গান আমি লিখতে পেরেছি। আমার সব গুরুদের প্রতি শ্রদ্ধা।’
‘শুরুয়াত, বার্কলে ইন্ডিয়ান অনসম্বল’ অ্যালবামে শঙ্কর মহাদেবন, ওস্তাদ জাকির হুসেন, শ্রেয়া ঘোষাল প্রমুখের মতো এশিয়ান শিল্পীরাও রয়েছেন। জ্যাজ, ব্লুজ, লোক, শাস্ত্রীয়, আধুনিকসহ সব ধরনের গান করছেন আরমীন মুসা। কয়েক বছর আগে বার্কলে কলেজ অব মিউজিক থেকে প্রথম বাংলাদেশি হিসেবে স্নাতক করেন তিনি। এবার সেই কলেজ থেকে তৈরি অ্যালবামের গাওয়া গান জায়গা পেয়েছে গ্র্যামিতে।