বেলিসিমো রোটনডো নিয়ে কাজী ফুডের ব্যাখ্যা

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৪ এএম

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর বেলিসিমো রোটনডো আইসক্রিম নিয়ে ভোক্তাদের মধ্যে সৃষ্টি হওয়া উদ্বেগ ও বিভ্রান্তির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বেলিসিমো রোটনডো আইসক্রিমের ব্যাচ নম্বর ২৬০৫০১০১অ-এ পণ্যের মিল্ক সলিড-নট-ফ্যাট (এমএসএনএফ) নির্ধারিত মানের চেয়ে বেশি পেয়েছে।

এমএসএনএফ হলো দুধের প্রোটিন, ল্যাকটোজ, খনিজ ও ভিটামিনের সমন্বয়ে গঠিত অংশ। এটি মানবদেহের জন্য ক্ষতিকর নয়; বরং দুধের পুষ্টিকর উপাদানগুলোর অন্যতম। তবে এটি একটি রেগুলেটরি কমপ্লায়েন্স-সংক্রান্ত বিষয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলিসিমো রোটনডো আইসক্রিমের এ বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ক্ষতিকর উপাদান বা অণুজীব-সংক্রান্ত তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

কাজী ফুড জানায়, তারা গত ২ জুলাই তারিখে পণ্যের পুনঃপরীক্ষার জন্য বিএসটিআইতে আবেদন করেছে। বর্তমানে সংস্থাটির পরামর্শক্রমে পুনঃপরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। ভোক্তাদের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাচের সব পণ্য বাজার থেকে প্রত্যাহার করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় মানোন্নয়ন, পুনঃযাচাই এবং বিএসটিআইয়ের সব শর্ত পূরণের পর দ্রুত পণ্যটি পুনরায় বাজারজাত করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের সব মান ও বিধিমালার প্রতি শ্রদ্ধাশীল এবং ভোক্তাদের আস্থা, নিরাপত্তা ও সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত