বিশ্বব্যাপী শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা। চার বছর পর ফিফা ওয়ার্ল্ড কাপ এলেই বাংলাদেশ মূলত দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল আর্জেন্টিনা, একদল ব্রাজিল। মোড়ে মোড়ে দেখা মেলে এই দুই দলের পতাকা, আর রাস্তায় জার্সি গায়ে তরুণদের। এমন উন্মাদনার সময়েই নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে নিয়ে একটি গান করেছেন সংগীতশিল্পী রোজিনা আক্তার। গানের শিরোনাম ‘মেসি কলরব’। গানটি লিখেছেন কাজী শাহিন, সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। ভিডিও পরিচালনা করেছেন রাজ কামাল। গানটি সুরের আলো বিডি নামে একটি ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ হয়েছে। রোজিনা বলেন, ‘বিশ্বকাপ ফুটবল নিয়ে সবার মধ্যেই একটি আনন্দ উৎসব বিরাজ করছে। মাসব্যাপী এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে একটি গান করেছি। গানটি আসলে মেসিকে নিয়ে করা। আমি আর্জেন্টিনার ভক্ত। তাই প্রিয় দল ও প্রিয় তারকাকে নিয়ে গানটি করা। আশা করছি গানটি আর্জেন্টিনা ও মেসি ভক্তদের ভালো লাগবে।’ এর আগেও রোজিনা বিষয়ভিত্তিক গান গেয়ে আলোচনায় এসেছেন। তিনি কদিন আগেও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া এক মাকে নিয়ে ‘দুঃখী মা’, গার্মেন্টসের নারী শ্রমিককে নিয়ে ‘গার্মেন্টস কন্যা’, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একাধিক গান করেছেন। পাশাপাশি তিনি রেডিও এবং টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করছেন।