দিনাজপুরের বিরামপুরে একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে।
উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে টাটকপুর নামক স্থানে বুধবার দিবাগত রাত দেড়টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত উত্তম রায় (৩২) দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামের লালমোহন রায়ের ছেলে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, পণ্যবোঝাই একটি ট্রাক দিনাজপুর থেকে বগুড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক উত্তম কুমার মারা যান।
পরে ফায়ার সার্ভিস ও বিরামপুর থানা-পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।