ঝিনাইদহে আলমসাধু চালককে শ্বাসরোধে হত্যা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে জসিম উদ্দীন (৩৫) নামের এক আলমসাধু চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে ওই উপজেলার ভালকী গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের নবীজ উদ্দীনের ছেলে।

হরিনাকুণ্ড থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সকালে গ্রামের কৃষকেরা মাঠে ধান কাটতে যাওয়ার পথে মেহগনি বাগানে ওই গ্রামের জসিম উদ্দিনকে পড়ে থাকতে দেখে। পরিবারের লোকজন এসে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, গতকাল রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হন জসিম উদ্দিন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

জসিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।