নরসিংদীতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আমির হামজা (৩৬) নিহত হয়েছেন। এ সময় নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার সকালে নরসিংদী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হামজা টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার সিংহরাগী এলাকার শুকুর আলীর ছেলে।

আহতরা হলেন- গাজীপুরের টঙ্গী এলাকার ঝর্ণা, তনুশ্রী, তাপসী এবং টাঙ্গাইলের কাজলা দাস। সকলেই অটোরিকশার যাত্রী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে নরসিংদী সদরের পাঁচদোনা মোড় থেকে একটি সিএনজি অটোরিকশা ঘোড়াশালের উদ্দেশে ছেড়ে যায়। ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা সিলেটগামী এনা পরিবহন নামে এক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশার। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আমির হামজা নিহত হন। চারজন গুরুতর আহত হয়েছেন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকেই ঢাকায় পাঠান।

মাধবদী থানার ওসি রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।