জনপ্রিয় নাট্যদল ‘আরণ্যক’ - এ যুক্ত হয়ে নিজেকে অভিনয়ে মজবুত করেছেন। এই তারকা মঞ্চ দিয়েই অভিনয়ের যাত্রা করেন আজকের তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দেখতে দেখতে সেই দলের হয়ে ২৫ বছর পার করেছেন তিনি। মঞ্চ ও আরণ্যকের প্রতি সবসময়ই আলাদা টান অনুভব করেন চঞ্চল। নানা সময় নানা অনুষ্ঠান-আড্ডায় সে কথা বলেছেন তিনি।
এবার সেই ভালোবাসার টানে আবারও মঞ্চে ফিরছেন এই অভিনেতা। তারই দেয়া তথ্য, প্রায় ২ বছর পর মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছেন। এ বিষয়ে জানিয়ে চঞ্চল বলেন, ‘‘আরণ্যক” নাট্যদলে আমার ২৫ বছর পার হয়ে গেছে। সেই ‘কালো দৈত্য’ মঞ্চ নাটক দিয়ে শুরু। তারপর ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘প্রাকৃতজনকথা’, ‘জয়জয়ন্তী’, ‘ময়ূর সিংহাসন’, ‘সঙক্রান্তি’, ‘রাঢ়াঙ’, ‘চে’র সাইকেল’, ‘ঘুমের মানুষ’, ‘ঋণের সঙ’, ‘শত্রুগণ’, ‘ঐ আসে’….. কত কত মঞ্চ নাটক, পথ নাটকের কত শত প্রদর্শনীতে অংশগ্রহণ!
বিগত এই ২৫ বছরে কখনো মঞ্চের পেছনে কাজ করা, কখনো অভিনয়ের জন্য মঞ্চে দাঁড়ানো। আর এই ‘আরণ্যক’ নাট্যদল থেকেই নাট্যগুরু মামুনুর রশীদের কাছে অভিনয়ের হাতে খড়ি। তারপর আরণ্যকের মূল মন্ত্র ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণি সংগ্রামের সুতীক্ষ্ন হাতিয়ার’ স্লোগানটি বুকে নিয়েই অভিনয়ের পথ চলা।
অনেকগুলো নাটকের শততম প্রদর্শনীতে অভিনয়ের সুযোগ হয়েছে আমার।
সেই ধারাবাহিকতায় আজ ১৭ এবং আগামীকাল ১৮ নভেম্বর ‘রাঢ়াঙ’ নাটকের ১৯৯তম এবং ২০০তম প্রদর্শনী মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমিতে। প্রায় ২ বছর পর আবার মঞ্চে দাঁড়াব ‘রাঢ়াঙ’ নাটকে অভিনয়ের জন্য। ‘আরণ্যক’ থেকে অভিনয়ের যাত্রা শুরু করেছি এবং যেখানে এসে পৌঁছেছি, সেটাও আরণ্যকের কারণেই।’
চঞ্চল আরও বলেন, ‘আরণ্যকের পাদ-প্রদীপে আমার ঠাঁই হয়েছিল বলেই আজ এত মানুষের ভালোবাসায় ঋদ্ধ হয়েছি। দীর্ঘায়ূ লাভ করুক আমার দল ‘আরণ্যক’। জয় হোক বাংলা নাটকের।’
সবশেষে তিনি দর্শকদের আমন্ত্রণ জানান আজ ১৭ এবং আগামীকাল ১৮ নভেম্বর ‘রাঢ়াঙ’ নাটকের ১৯৯তম এবং ২০০তম প্রদর্শনীতে। আসন সংখ্যা সীমিত। অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১৮৭৫৯৭৫৪ নাম্বারটিতে।